১৩ মাস পর কাঠ নিয়ে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের বোট

দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর অবশেষে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় সচল হয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুরে মিয়ানমার থেকে কাঠ বোঝাই একটি বোট বন্দরে এসে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ী ও বন্দর শ্রমিকদের মাঝে স্বস্তি ও আনন্দ ফিরে আসে।

বন্দর সূত্র জানায়, শুক্রবার সকালে মিয়ানমারের মংডু এলাকা থেকে কাঠের বোটটি রওনা হয়ে দুপুর দেড়টায় টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়। 

বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, বোটটিতে ৫২০ পিস চম্পাফুল ও ৪৪৩ পিস গর্জনসহ মোট ৯৬৩ পিস কাঠ এসেছে। বর্তমানে কাঠগুলো খালাসের প্রক্রিয়া চলছে।

বাণিজ্য শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে স্থলবন্দর পরিদর্শনে আসেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় আজ বাণিজ্য সচল হলো। আমরা চাই বৈধ ব্যবসা চালু থাক, যাতে সরকার রাজস্ব পায় এবং যা আগামী জাতীয় বাজেটে ইতিবাচক ভূমিকা রাখবে।

দীর্ঘ প্রতীক্ষার পর বাণিজ্য শুরু হওয়ায় সিএন্ডএফ এজেন্ট এফআরবি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ওমর ফারুক বলেন, ব্যবসায়ীরা আজ প্রাণ ফিরে পেয়েছেন। পুরোদমে আমদানি-রপ্তানি চালু হলে আমাদের দীর্ঘদিনের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে। 

এদিকে সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হাছান এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে গত ১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করে দ্রুত বাণিজ্য সচল করার আশ্বাস দিয়েছিলেন। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বোট আসায় টেকনাফের সীমান্ত অর্থনীতিতে আবার নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *