হেক্সা মিশনে এবার ব্রাজিলের সামনে কারা?

রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচের ২৯ মিনিটে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে কাসেমিরোর সমতাসূচক গোল ম্যাচে ফেরায় ব্রাজিলকে, আর যোগ করা সময়ে বদলি হিসেবে নেমে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোল নিশ্চিত করে নাটকীয় জয়। জাপান অধ্যায় শেষ হতেই এখন ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন- সেরা ১৬-তে নকআউটে প্রতিপক্ষ কে?

সেই উত্তর মিলবে আজকের আরেকটি ম্যাচ থেকে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় ডালাসে মুখোমুখি হবে নরওয়ে ও আইভরি কোস্ট। এই ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ হবে। জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই নকআউট লড়াই, যেখানে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

তবে ব্রাজিলের সামনে শুধু শেষ ষোলোর বাধাই নয়, অপেক্ষা করছে আরও কঠিন পথ। যদি আনচেলত্তির দল নরওয়ে বা আইভরি কোস্টকে হারিয়ে শেষ আটে ওঠে, তাহলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গো। ফলে কোয়ার্টার ফাইনাল থেকেই বড় শক্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কোয়ার্টার ফাইনালের সমীকরণও বেশ জমজমাট। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকো সিটিতে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও ইকুয়েডর। একই দিনে রাত ১০টায় আটলান্টায় লড়বে ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। ফিফা র‌্যাঙ্কিংয়ের হিসেবে ইংল্যান্ড এই অংশের সবচেয়ে এগিয়ে থাকা দল। বর্তমান র‌্যাঙ্কিংয়ে তারা রয়েছে চতুর্থ স্থানে, আর ব্রাজিলের অবস্থান পঞ্চম। অন্যদিকে মেক্সিকো রয়েছে নবম এবং ইকুয়েডর ২৪তম স্থানে। তাই শেষ আটে উঠলে ব্রাজিলের জন্য অপেক্ষা করতে পারে একাধিক কঠিন পরীক্ষা।

হেক্সার স্বপ্ন পূরণের পথে আরও এগোতে পারলে সেমিফাইনালে অপেক্ষা করতে পারে আরও বড় চ্যালেঞ্জ। সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, আফ্রিকার চমক কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, মিসর, সুইজারল্যান্ড, আলজেরিয়া, কলম্বিয়া কিংবা ঘানার মতো দল। অর্থাৎ শিরোপার পথে প্রতিটি ধাপই হতে পারে আলাদা এক ফাইনাল।

১৫ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টায় অনুষ্ঠিত হওয়ার কথা সেমিফাইনাল। সেখানে জায়গা করে নিতে হলে ব্রাজিলকে টানা দুটি নকআউট ম্যাচ জিততে হবে। আর সেই পথচলার প্রথম ধাপ নির্ধারণ হবে আজ রাতেই, নরওয়ে ও আইভরি কোস্টের লড়াইয়ে।

জাপানের বিপক্ষে নাটকীয় জয় ব্রাজিলকে আত্মবিশ্বাস দিয়েছে ঠিকই, তবে নকআউট পর্বে ভুলের সুযোগ নেই। তাই এখন কাসেমিরো, ভিনিসিয়ুস, মার্তিনেল্লিদের চোখ শুধু নিজেদের প্রস্তুতিতে নয়, ডালাসের ম্যাচটির দিকেও। কারণ সেই ফলই ঠিক করে দেবে হেক্সার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ কে হবে!

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *