হৃদয় অধিনায়ক, চমক রেখেই বাংলাদেশ দল ঘোষণা

শেষ অব্দি চমক রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষিত হয়েছে। দল ঘোষণার মধ্য দিয়ে একাধিক বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে ছাড়পত্র দেওয়ায় নেতৃত্বের দায়িত্ব আবারও উঠেছে তাওহীদ হৃদয়ের কাঁধে। একই সঙ্গে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারের জন্যও খুলেছে ফেরার দরজা।

অস্ট্রেলিয়া সিরিজে চোটের কারণে খেলতে না পারা লিটন এবার অনুপস্থিত থাকছেন ভিন্ন কারণে। এলপিএলের পুরো আসরে খেলার অনুমতি পাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তিনি। তার অনুপস্থিতিতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।

অস্ট্রেলিয়া সিরিজে নেতৃত্ব দিলেও এখনও অধিনায়ক হিসেবে প্রথম জয়ের দেখা পাননি হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে সেই অপেক্ষা ঘোচানোর সুযোগ পাচ্ছেন তরুণ এই ব্যাটার।

দল ঘোষণার সবচেয়ে আলোচিত দিক তিন ক্রিকেটারের প্রত্যাবর্তন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো এই সংস্করণের দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে কার্যকর পারফরম্যান্স দেখানোর পুরস্কার পেয়েছেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ইমার্জিং দলের হয়ে ভালো পারফরম্যান্সের পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ মিলেছে তার।

পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ফিরেছেন দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে জায়গা হারালেও নির্বাচকদের আস্থা ফিরে পেয়েছেন তিনি। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও শামীম হোসেন পাটোয়ারি। ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে রান না পেলেও স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন সাইফ হাসান। অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনও আছেন নির্বাচকদের পরিকল্পনায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতির পেছনে রয়েছে এলপিএল। লিটন ও তাসকিন ছাড়াও একই সময়ে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ফলে তুলনামূলক তরুণ ও নতুন সমন্বয়ের একটি দল নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সিরিজটি অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। ১৫, ১৭ ও ১৯ জুলাই তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল

তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *