যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন একটি প্রোটোকল বা সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই প্রণালিটি খুলে দেওয়া হবে না; এর সঙ্গে আরও কিছু শর্ত পূরণ করতে হবে।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য সমঝোতার বাইরেও কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে।
তিনি জানান, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের অভিযোগে ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে এটিও একটি গুরুত্বপূর্ণ শর্ত বলে জানান তিনি।
আরাঘচির ভাষ্য অনুযায়ী, হরমুজ নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে। দুই দেশ নতুন একটি প্রোটোকলে সম্মত হওয়ার খুব কাছাকাছি রয়েছে। তবে প্রণালিটি পুরোপুরি পুনরায় খুলে দেওয়ার আগে অন্যান্য সংশ্লিষ্ট শর্তও পূরণ করতে হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। ফলে এই নৌপথের নিরাপত্তা ও চলাচল নিয়ে ইরানের যেকোনো সিদ্ধান্ত বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।