স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি

মৃত স্বামীকে শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানী ঢাকার কলাবাগানের বাসার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ৯টায় তিনি সেখানে পৌঁছান। 

এ সময় প্রিজন ভ্যানে রাখা দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপু মনি। তার স্বজনরাও আবেগপ্রবণ হয়ে যান। 

দিপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল সাংবাদিকদের জানান, এই বাড়িতেই দীপু মনির সঙ্গে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। সেখানে প্রথম ও পরবর্তী সময়ে গুলশান আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফন করা হবে। 

বুধবার (১৯ আগস্ট) প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন ডা. দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার হন দীপু মনি। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন ধরে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন। 

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *