স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা, নজর এখন ফেড প্রধানের বক্তব্যে

স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন ডলারের দরপতনের আশঙ্কা এবং যুক্তরাষ্ট্র সরকারের বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে স্বর্ণের এই দাম বৃদ্ধি দেখা গেছে। তবে বাজারের সব নজর এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান কেভিন ওয়ারশের আগামী বক্তব্যের দিকে। খবর রয়টার্সের। 

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মান সময় (জিএমটি) সকাল ৬টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬১১.১৬ ডলারে পৌঁছায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সোনার ভবিষ্যৎ সরবরাহ মূল্য ০.৩ শতাংশ বেড়ে আউন্স প্রতি ৪ হাজার ৬৬৪.৫০ ডলারে উঠেছে।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং জানান, ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি মধ্যমেয়াদে স্বর্ণকে শক্তিশালী অবস্থানে রাখবে। গত সপ্তাহে মার্কিন ট্রেজারি দীর্ঘমেয়াদি বন্ড কেনার ঘোষণা দেওয়ার পরই স্বর্ণের দাম এক লাফে ৫ শতাংশের বেশি বেড়েছিল।

আগামী শুক্রবার (২৮ আগস্ট) ওয়াইওমিংয়ে অনুষ্ঠিতব্য বার্ষিক জ্যাকসন হোল সমাবেশে বক্তব্য রাখবেন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ারশ। মুদ্রানীতি এবং সুদের হার নিয়ে ফেড প্রধান স্পষ্ট কোনো দিকনির্দেশনা না দিলে বাজারে নতুন করে পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সেএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৩৬.১ শতাংশ এবং ডিসেম্বরে এর সম্ভাবনা ৭২.১ শতাংশ।

উল্লেখ্য, ইউক্রেন ও ইরান সংকটের কারণে বৈশ্বিক অর্থনীতিতে চাপ ও মূল্যস্ফীতি অব্যাহত রয়েছে। ভূরাজনৈতিক ঝুঁকি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়।

অন্যান্য মূলবান ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮.৭৭ ডলারে উঠেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০.৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮৩৭.৪৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.১ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৯.৮১ ডলারে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *