স্কুলে সহপাঠীকে গুলি করে হত্যার পর সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি ক্যাথলিক জুনিয়র হাই স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে আরেক শিক্ষার্থী নিহত হয়েছে। হামলার পর অভিযুক্ত ওই শিক্ষার্থী নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির জাম্বোয়াঙ্গা শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় মেয়র খাইমার ওলাসো। খবর এএফপির। 

স্থানীয় একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র খাইমার ওলাসো জানান, সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ভারী আগ্নেয়াস্ত্র এবং একটি ৪৫ ক্যালিবারের পিস্তল নিয়ে স্কুলে প্রবেশ করে এই হত্যাকাণ্ড চালায়।

স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাত দিয়ে মেয়র বলেন, ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত শিক্ষার্থী প্রথমে টেবিলে বসে থাকা এক শিক্ষককে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু নিশানা মিস হওয়ার পর সে অন্য একটি কক্ষে চলে যায়। সেখানে অন্য এক শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়ে। 

হামলাকারীর কাছে একাধিক আগ্নেয়াস্ত্র কীভাবে এল এবং এই হামলার পেছনে আসল কারণ কী, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *