সুন্দরবনের আংটিহারা এলাকায় শাকবাড়িয়া নদীতে পড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ উদ্ধার অভিযান চালানো হয়। আজ রোববার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এমভি আলফাডাঙ্গা প্রাইড’ নামের একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে এসে সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় নোঙর করে অবস্থান করছিল। শনিবার দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত এক ক্রু নদীতে পড়ে যান।
ওই সময় রুটিন টহলে থাকা কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে ওই ক্রুকে জীবিত উদ্ধার করে নিরাপদে জাহাজে পৌঁছে দেন। কোস্ট গার্ডের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান ওই ক্রু।