সিরাজগঞ্জে মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত দুই যুবক হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের রুবেল হোসেন ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার লালপুরের উজ্জ্বল হোসেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল করীম শাহীন বলেন, নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ১৭ অক্টোবর সিরাজগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে সংবাদ আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক নিয়ে কয়েক যুবক ঢাকায় যাচ্ছেন। সংবাদ পেয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়েক সলঙ্গা থানার সাতটিকরী নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি শুরু করেন। দুপুরের দিকে একটি ট্যাংকলরী থামিয়ে তল্লাশি করে ৭১৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ ও মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত রুবেল ও উজ্জ্বলকে গ্রেপ্তার করেন তারা।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *