সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ফের আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ভোট, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত অবস্থায় আবারও আটক হয়েছেন ভারতের বিরোধী দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। খবর এনডিটিভির।

বুধবার (৭ অক্টোবর) বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সংসদ সদস্যরা মধ্য দিল্লির একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ বৈঠক শেষে পূর্বনির্ধারিত প্রতিবাদস্থল যন্তর মন্তরের দিকে পদযাত্রা শুরু করেন। কিন্তু পুলিশ অনুমতি না থাকার কথা বলে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

পুলিশের বাধায় ক্ষুব্ধ হয়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী পথেই রাস্তায় বসে পড়েন এবং অবস্থান ধর্মঘট শুরু করেন। প্রিয়াঙ্কা গান্ধী সংবিধানের কপি হাতে নিয়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে পুলিশ জোরপূর্বক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে-হিঁচড়ে পুলিশের বাসে তোলে এবং আটক করে। বিক্ষোভ ঠেকাত বিরোধীরা পুলিশের একটি বাসের চাকা পাংচার করে দেয় বলে জানিয়েছে কংগ্রেস।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) আকাশবাণী ভবনের সামনে অনুমতি ছাড়া অবস্থান ধর্মঘট করার অভিযোগে রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলা (এফআইআর) করে দিল্লি পুলিশ।

এর জবাবে রাহুল গান্ধী বলেন, আমার নামে ইতোমধ্যে ৪৫টি মামলা রয়েছে, আমার লক্ষ্য অন্তত ১০০টি করা। এসব মামলা আমাদের দমাতে পারবে না।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, নরেন্দ্র মোদি ও জ্ঞানেশ কুমাররা দেশের গণতন্ত্র ও সংবিধান ধ্বংস করছেন।

বিরোধী দলগুলো জানিয়েছে, নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত দেশজুড়ে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *