সিঁধ কেটে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সোবহান প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতকাল রোববার (১০ মে) দিনগত মধ্যরাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সোবহান প্রামাণিক স্থানীয় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘুমন্ত সোবহান প্রামাণিকের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, খাস পুকুর দখলকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে ‘ঠান্ডু মোল্লা’ বংশ ও ‘রুহুল প্রামাণিক’ বংশের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ২০২৩ সালে মোশাররফ প্রামাণিক ও তার ছেলে জামাল প্রামাণিককে (জোড়া খুন) কুপিয়ে হত্যা করা হয়েছিল। নিহত সোবহান প্রামাণিকের ছেলে মাসুদ এবং ভাতিজা শান্ত ও হামিদ ওই জোড়া খুন মামলার অন্যতম আসামি। বর্তমানে আদালতে সেই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।

এদিকে হত্যাকাণ্ডের পর স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *