সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

সাতক্ষীরা সদর উপজেলায় ধান বোঝাই ট্রলি উল্টে গণেশ সরকার (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের কদমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ সরকার সদর উপজেলার বাঁশতলা এলাকার বিরিঞ্চি সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ট্রলি চালিয়ে উপার্জিত আয় দিয়েই চলত গণেশ সরকারের সংসার। গতকাল বুধবার বিকেলে তিনি বাড়ি থেকে ধান বোঝাই করে ট্রলি নিয়ে কদমতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এসময় গণেশ সরকার ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ত্রিদিব দেবনাথ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *