সাতক্ষীরায় মোটরসাইকেল ক্রয় করতে গিয়ে চালিয়ে দেখার নামে উধাও হওয়ার ঘটনায় সিয়ামউর রহমান (১৫) নামে এক প্রতারক তরুণকে আটক করে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮ টার দিকে শহরের এপেক্স শো রুমের সামনে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পু্লিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিয়াম সাতক্ষীরা ট্রাফিক পুলিশে টিএসআই (ট্রাফিক সাব ইন্সপেক্টর) শফিকুল ইসলামের ছেলে। সে নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, ফেসবুকে আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল বিক্রির জন্য পোস্ট করে দুই যুবক ইশরাক ও অনিক। একটি ভূয়া ফেসবুক আইডি থেকে যোগাযোগ করে সিয়ামউর রহমান। গেল ১৬ অক্টোবর সাতক্ষীরা সদরের এল্লারচর এলাকায় আরওয়ান ফাইভ গাড়িটি দেখার জন্য যায় সে। সেখানে পৌঁছে গাড়ি দেখার নাম করে চালিয়ে উধাও হয়ে যায়। ঘটনার নয় দিন পর শহরের একতা ক্লিনিকের সামনে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে কাগজপত্র যাচাই বাছাই করে গাড়ির মালিককে গাড়িটি ফেরৎ দেয় পুলিশ।
আরও জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যার পর শহরের এপেক্স জুতার শোরুমে ট্রাফিক পুলিশের টিএসআই শফিকুল ইসলাম তার ছেলে সিয়ামউর রহমানকে নিয়ে জুতা ক্রয় করতে যায়। সেখানে ইশরাক ও অনিক মোটর সাইকেল নিয়ে উধাও হওয়া সিয়ামউর রহমানকে শনাক্ত করে। এ সময় বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে গণধোলাই দেয়।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছে সিয়ামকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। সে পুলিশ পরিবারের সন্তান। যেহেতু অপরাধ করেছে তাকেও আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।