পর্যটকদের ওপর হামলা, দফায় দফায় অবরোধ দিয়ে পর্যটক ও পর্যটননির্ভর ব্যবসায়ীদের হয়রানি ও সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহণ মালিক, চালক, শ্রমিক ও স্থানীয়রা।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় সাজেক কাউন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে গিয়ে রাস্তা অবরোধ করে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহণ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশে পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আইয়ুশ শান্তি চাকমা, সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, সিএনজি মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। পর্যটন খাতের সঙ্গে জড়িত বহু মানুষের আয়-রোজগার পর্যটকদের আগমনের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকলে ব্যবসায়ী, পরিবহণ মালিক, চালকসহ স্থানীয় অনেক পরিবার আর্থিক সংকটে পড়বে।
বক্তারা আরও বলেন, সাজেকের পর্যটন শিল্প শুধু ব্যবসায়ীদের নয়, স্থানীয় বহু মানুষের জীবিকারও গুরুত্বপূর্ণ উৎস। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করা জরুরি।
এ সময় পর্যটন খাত রক্ষা, স্থানীয় মানুষের জীবিকা সুরক্ষা এবং পর্যটন কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন বক্তারা।