সমঝোতা স্মারক স্বাক্ষরই শেষ কথা নয় : কাতারের প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ডের বার্গেনস্টকে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সংশ্লিষ্ট কূটনৈতিক আলোচনাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঐতিহাসিক ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনকারী হিসেবে অভিহিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। চলতি সপ্তাহের শুরুতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে যুগান্তকারী অর্জন হিসেবে আখ্যা দিয়ে তিনি এই আশা প্রকাশ করেন। খবর আলজাজিরার।

বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়টি আমাদের অঞ্চলের ইতিহাসে অন্যতম কঠিন একটি সময় ছিল। এই অঞ্চলের সাধারণ মানুষকে চরম অনিশ্চয়তা ও একের পর এক উত্তেজনা বৃদ্ধির কারণে ভারী বোঝা বহন করতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করি আজ আমরা যে চুক্তির সাক্ষী হচ্ছি, তা এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করবে যেখানে প্রতিটি দেশ তাদের সমস্ত শক্তি ও সম্পদ যুদ্ধ-বিগ্রহে নষ্ট না করে উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং নিজেদের জনগণের জন্য নতুন সুযোগ তৈরিতে কাজে লাগাতে পারবে।

তবে কেবল চুক্তি স্বাক্ষরই যে চূড়ান্ত লক্ষ্য নয়, তা মনে করিয়ে দিয়ে কাতারের প্রধানমন্ত্রী যোগ করেন, একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমেই কাজ শেষ হয়ে যায় না। আগামী দিনের প্রতিশ্রুতিগুলোকে বাস্তব ও দৃশ্যমান ফলাফলে রূপান্তর করার জন্য চলমান প্রযুক্তিগত ও কৌশলগত আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশেষভাবে জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *