রাজধানী ঢাকাসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের প্রায় সবকটি বিভাগেই ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাতাসের তীব্রতা ও আবহাওয়া পরিস্থিতির ওপর ভিত্তি করে দেশের ২০টি অঞ্চলের নদীবন্দরগুলোতে সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ২০টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৈশাখী মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে এই অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সৃষ্টি হচ্ছে। নদীপথে চলাচলরত ছোট-বড় সকল নৌযানকে আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রেখে সাবধানে চলাচল করতে এবং ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।