শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

টানা চার দিন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনের পর অবশেষে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে এক সফল পতাকা বৈঠকের পর ওই ১২ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়ে যায় তারা।

কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে সীমান্তের ১৫০ নম্বর মেইন পিলারের ৩-এস সাব-পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন রানীনগর বিএসএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সুনীল কুমার যাদব। বৈঠকে ফলপ্রসূ আলোচনার পর শূন্যরেখায় চার দিন ধরে আটকে থাকা চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশুকে ফিরিয়ে নিতে সম্মত হয় বিএসএফ। পরে আনুষ্ঠানিকতা শেষে তারা ওই ১২ জনকে নিয়ে নিজেদের ভূখণ্ডে ফিরে যায়।

এর আগে গত শুক্রবার (১২ জুন) ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে ওই ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশ ভূখণ্ডে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবিকে খবর দেন এবং সবাই মিলে তাদের পুশব্যাক করেন। বিএসএফের বাধার মুখে তারা বাংলাদেশ বা ভারত- কোনো দেশেই প্রবেশ করতে না পেরে দুই দেশের সীমানার মধ্যবর্তী শূন্যরেখায় আটকা পড়েন।

গত চার দিন ধরে মাথার ওপর খোলা আকাশ আর চারপাশে সীমান্তের কাঁটাতারের বেড়াকে সঙ্গী করে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল এই তিনটি পরিবারের। খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টির কারণে এদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে সীমান্ত আইন অমান্য করেই মানবিক কারণে স্থানীয় বাংলাদেশিরা কৌশলে আটকে পড়াদের কাছে বিস্কুট, পাউরুটি, তরল দুধ, কলা, পানি ও তিন বেলার নিয়মিত খাবার পৌঁছে দিয়ে আসছিলেন।

আটকে থাকা ব্যক্তিরা জানিয়েছিলেন, তারা ভারতের বিভিন্ন স্থানে কাজ করতেন। তাদের মধ্যে পাঁচ সদস্যের একটি পরিবারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, চার সদস্যের পরিবারের বাড়ি সাতক্ষীরা এবং তিন সদস্যের অপর পরিবারের বাড়ি খুলনায় বলে তারা দাবি করেছিলেন।

এর আগে গত শনিবার (১৩ জুন) এই ১২ জনকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আরও একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও সে সময় বিএসএফ তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। অবশেষে বিজিবির অনড় অবস্থান ও কৌশলী কূটনৈতিক তৎপরতায় আজ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *