রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাসহ ধর্ষণ পরবর্তী হত্যার শিকার অন্যান্য শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।
আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এ সময় শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। পরে তা সংসদে গৃহীত হয়।
আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট।
রোববার বৈঠকের শুরুতে এই অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তারা হলেন—সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন।