শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, শিক্ষার্থীরা যখনই কোনো ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামে, তখনই তাদের রাজনৈতিক পরিচয়ে বিভক্ত করার চেষ্টা করা হয়। তবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের, বিশেষ করে শিক্ষার্থীদের, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি উপস্থাপনের সাংবিধানিক অধিকার রয়েছে।
তিনি আরও লিখেন, সাম্প্রতিক পরিস্থিতিতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বহু শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে, যা জনমনে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করেছে। এই ক্ষোভকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশা করেন, কোনো রাজনৈতিক সংগঠন—ছাত্রদল বা অন্য যে-ই হোক—এই পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে না। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংযমের সঙ্গে দায়িত্ব পালনের এবং অপ্রয়োজনীয় বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান।
তার মতে, চলমান সংকট নিরসনের সবচেয়ে কার্যকর উপায় হলো শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত ও আন্তরিক সংলাপে বসা। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভুল স্বীকার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত। পাশাপাশি, সংশ্লিষ্ট নেতৃত্বের প্রতি জনআস্থা পুনরুদ্ধার সম্ভব না হলে দায়িত্বশীল ব্যক্তির পদত্যাগের বিষয়টিও বিবেচনায় আসতে পারে। তিনি বলেন, গণতন্ত্রে জবাবদিহিতা কোনো দুর্বলতা নয়; বরং তা নেতৃত্বের সততা ও দায়িত্ববোধের পরিচয় বহন করে।
শেষে তিনি এইচএসসি’২৬ ও আলিম’২৬ পরীক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন।
এসএন/পিডিকে