শার্শায় ১৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শায় চার কোটি ১০ লাখ টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকার প্রাইম ব্রিকসের সামনে থেকে তাকে আটক করা হয়।

দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।

আটক আলাউদ্দীন উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে- স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশে এক পাচারকারী সীমান্তের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক এলাকার প্রাইম ব্রিকসের সামনে অবস্থান নেয়। এ সময় ওই পাচারকারী মোটরসাইকেলযোগে খাজুরা এলাকায়  এলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণেরবার পায়। পরে তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, জব্দ করা স্বর্ণের ওজন দুই কেজি ৯০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় চার কোটি ১০ লাখ টাকা বলেও জানায় পুলিশ।

সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খাজুরা এলাকা থেকে ১৮ স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *