জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও তার স্ত্রী সাংবাদিক ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক আদেশে তাদেরকে ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
আজ রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে শাকিল আহমেদ ও ফারজানা রূপার পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য তাদের নামে পৃথক আদেশপত্র ও সম্পদ বিবরণীর ফরম ইস্যু করা হয়। তাদের ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ পৌঁছে দিতে কনস্টেবল মো. জুয়েল মিয়া দায়িত্ব পালন করেন। তবে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে তাদের না পেয়ে কনস্টেবল মো. জুয়েল মিয়া সম্পদ বিবরণী দাখিলের আদেশপত্রসহ মূল ফরম ফেরত দেন।
নথিতে উল্লেখ করা হয়, পরবর্তীতে জানা যায়—শাকিল আহমেদ তেজগাঁও থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অপরদিকে, তার স্ত্রী ফারজানা রূপা যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ রয়েছেন।
এ অবস্থায় তাদেরকে কারাগারে আটক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের নথি অনুযায়ী, শাকিল আহমেদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং ফারজানা রূপার আদেশ মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে জারি করা হবে।