ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে রয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। দলটির অধিকাংশ সংসদ সদস্যের সমর্থন পাওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে তার অবস্থান প্রায় নিশ্চিত হয়ে গেছে।
শুক্রবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের প্রথম দিনে ৪০৩ জন এমপির মধ্যে ৩২২ জনের মনোনয়ন পেয়েছেন বার্নহ্যাম। একক প্রার্থী হিসেবে নির্বাচিত হতে তার প্রয়োজন ছিল ৩২৩টি মনোনয়ন, মাত্র একটি কম রয়েছে।
বার্নহ্যাম এক ভিডিও বার্তায় বলেন, সবকিছু এখন খুব বাস্তব মনে হচ্ছে।লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আগামী বৃহস্পতিবার শেষ হবে। এরপর আগামী শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে দলীয় নেতা ঘোষণা করা হতে পারে। ২০ জুলাই তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৩২৩টি মনোনয়ন পেয়ে গেলে অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামার জন্য প্রয়োজনীয় ৮১ জন এমপির সমর্থন পাওয়া সম্ভব হবে না।
এর আগে বুধবার সাবেক জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী আল কার্নস ঘোষণা দেন, তিনি বার্নহ্যামের বিরুদ্ধে প্রার্থী হবেন না। এরপর থেকেই বার্নহ্যামের নেতৃত্ব পাওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়।
গত মাসে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির খারাপ ফলাফলের পর দলীয় এমপিদের মধ্যে নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হয়। এর পরিপ্রেক্ষিতে কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন।
এসএন/পিডিকে