লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ২০টিরও বেশি এলাকা খালি করার নির্দেশ

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বড় ধরনের অভিযানের আগে নাবাতিয়াহ শহরসহ ২০টিরও বেশি এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (১৩ জুন) এই হামলা ও সতর্কতা জারির খবর পাওয়া গেছে। খবর এএফপির।

ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণের নাবাতিয়া ও উপকূলের কাছাকাছি ২৪টি স্থানের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি খালি করে প্রায় ৪৫ কিলোমিটার দূরে জাহরানি নদীর উত্তরে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। গত মাসে ইসরায়েল এই নদীর দক্ষিণের পুরো অঞ্চলকে ‘যুদ্ধাঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলের এই বিমান হামলায় একজন স্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া কাফার রেম্মান ও কাফার তেবনিতে বড় বড় বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। হামলার কারণে নাবাতিয়াহ শহরটি বর্তমানে প্রায় জনশূন্য হয়ে পড়েছে।

এই হামলা এমন এক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার একটি চুক্তির কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে। ইরান বলছে, যেকোনো শান্তি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তবে হিজবুল্লাহ শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কারণ সেখানে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের কোনো উল্লেখ নেই।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেছেন, দেশ এখন ‘এক ভাগ্যনির্ধারক পরীক্ষার’ মুখোমুখি। তিনি বলেন, হয় দেশের জনগণ এমন একটি সার্বভৌম রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধ হবে যা অস্ত্রের একচেটিয়া অধিকার রাখবে, অথবা এটি মিলিশিয়াদের যুক্তির কাছে জিম্মি হয়ে থাকবে।

লেবাননের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত তিন হাজার ৭৫৬ জন নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *