রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। খবর আনাদোলুর।
ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ লেখেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে জ্বালানি-সংক্রান্ত যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হচ্ছে।’
ট্রাম্প আরও যোগ করেন, ‘উভয় পক্ষই এতে সম্মত হয়েছে। তারা এটি ভঙ্গ করবেন না!’
এই চুক্তি কার্যকর হওয়ার বিষয়ে মস্কো ও কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কিছু নিশ্চিত করা হয়নি।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, মস্কো যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করে, তবে কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা থামাতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, উত্তেজনা হ্রাসের যেকোনো পদক্ষেপ অবশ্যই পারস্পরিক হতে হবে এবং তার পেছনে যথাযথ নিশ্চয়তা থাকতে হবে।
জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্প ইরান-সংশ্লিষ্ট চলমান সংঘাতের পরিবর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকেই দায়ী করেছেন।
গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ঘোষিত ডিজেল সরবরাহ চুক্তির পরপরই নতুন এ ঘোষণাটি এলো। ওই চুক্তির আওতায় মস্কো যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করতে সম্মত হয়েছে।
জেলেনস্কি এই চুক্তিকে পুতিনের জন্য একটি ‘উপহার’ হিসেবে অভিহিত করে সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, রুশ ডিজেল রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করা হলে তা মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় অর্থায়নে সহায়তা হতে পারে।