রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২ অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজবাড়ীর পাংশায় একটি আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর সদস্যরা। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এসআরবি ১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১০ জানায়, আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালানো হয়। পরে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানটি পরিচালনা করে। এ সময় আমবাগান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিল। এগুলো ব্যবহার করে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *