রাজধানীতে মাছের বাজার চড়া, স্বস্তি মিলছে সবজিতে

রাজধানীর মাছের বাজারে এখনও স্বস্তি নেই। বেশিরভাগ চাষের মাছ ৪০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই, পাবদা ও বিভিন্ন ছোট মাছের দাম কেজিতে প্রায় ৫০০ টাকা। তবে বিক্রেতাদের দাবি, গত দেড় সপ্তাহে মাছের দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে। অন্যদিকে, বাজারে এখন ৬০ থেকে ৭০ টাকা কেজিতে মিলছে বেগুন, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা ও পটল।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর মাছ ও সবজির বাজারে নিত্যপণ্যের দামের এই চিত্র দেখা গেছে।

বাজারে বড় আকারের ইলিশের দেখা মিললেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এছাড়াও প্রস্তাবিত বাজেটে মাছ আমদানির ওপর শুল্কহার ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। এর প্রভাব পড়েছে মাছের যোগানেও, বাড়ছে দাম।

এক ক্রেতা বলেন, বাজার ঘুরে দেখছি, কোনটা একটু কম দামে পাওয়া যায়। মাছের দামের সঙ্গে তাল মিলিয়ে চলা খুবই কষ্টকর হয়ে গেছে।

আরেক বিক্রেতা জানান, বড় আকারের পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকা কেজি দরে। এছাড়া ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ৫০০ টাকা এবং ৭০০-৭৫০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় মাছের সরবরাহও অনেক কমে গেছে।

তিনি আরও বলেন, ভারত থেকে যে মাছগুলো আসত, সেগুলো এখন খুব কম আসছে।

মাছ বাজারের এই চরম অস্বস্তির উল্টো চিত্র দেখা গেছে সবজির বাজারে। বাজারে এখন ৬০ থেকে ৭০ টাকা কেজিতে মিলছে বেগুন, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা ও পটল। এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে মাত্র ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। কাঁচামরিচের কেজি ১২০ টাকা।

এদিকে বাজারে আগাম জাতের শীতকালীন সবজিও দেখা দিতে শুরু করেছে। বাজারে আসা নতুন বাঁধাকপি ও ফুলকপি প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *