রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ জন সদস্যসহ মোট ৪২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানা ও অপরাধ বিভাগ একযোগে বিশেষ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১৮ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া তেজগাঁও বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গুলশান বিভাগে ৩৬ জন গ্রেফতার হয়েছেন। বিশেষায়িত ইউনিটের মধ্যে গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে অপরাধমূলক কাজে ব্যবহৃত ও অবৈধ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি ধারালো সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, অপরাধে ব্যবহৃত ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ এবং ১টি এসএসডি কার্ড।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।