রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি : আয়াস-রিমির জামিন নাকচ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনায় শাহবাগ থানার করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান এই আদেশ দেন।

ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামি নুর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমিকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

এর আগে, গত শনিবার শিল্পকলা একাডেমির সামনের প্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা করেন একদল তরুণ। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে দেখা যায়। সে সময় এক পুলিশ সদস্য তাকে বাধা দেন।

এ ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শাহবাগ থানার এসআই জিয়াউল হক বাদী হয়ে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *