রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে আল নূর মোহাম্মদ আয়াস (২৭) ও সাকিবুল হাসানের (১৯) তিন দিন এবং সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমির (২৭) দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (১১ অক্টোবর) আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার শিল্পকলা একাডেমির সামনের প্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা করেন একদল তরুণ। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে দেখা যায়। সে সময় এক পুলিশ সদস্য তাকে বাধা দেন।
এ ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শাহবাগ থানার এসআই জিয়াউল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।