যুক্তরাষ্ট্রে বেকারত্ব ৪.২ শতাংশে নেমেছে

যুক্তরাষ্ট্রে জুন মাসে চাকরির প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হয়েছে। তবে একই সময়ে বেকারত্বের হার কমে ৪.২ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে দেশটির শ্রম দপ্তর।

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। শ্রম বিভাগের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে নন-ফার্ম পেরোলসে ৫৭ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে। রেয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা গড়ে ১ লাখ ১০ হাজার চাকরি সৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসের চাকরির পরিসংখ্যান সংশোধন করে ১ লাখ ২৯ হাজারে নামিয়ে আনা হয়েছে, যা আগে বেশি দেখানো হয়েছিল। টানা কয়েক মাস শক্তিশালী প্রবৃদ্ধির পর জুনে এই ধীরগতি দেখা গেছে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, শ্রমবাজার এখনো তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে এবং এই ধীরগতি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয় না। বরং এটি আগের মাসগুলোর শক্তিশালী প্রবৃদ্ধির পর একটি স্বাভাবিক সমন্বয় হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শ্রমবাজারে ছাঁটাইয়ের হার এখনো ঐতিহাসিকভাবে নিম্ন পর্যায়ে রয়েছে। তবে ছোট ব্যবসাগুলোর নিয়োগ পরিকল্পনায় কিছুটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, অভিবাসন নীতির কড়াকড়ির কারণে শ্রমশক্তির প্রবৃদ্ধি কমে যাওয়ায় চাকরির বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

এদিকে বাজার বিশ্লেষকদের ধারণা, এই মিশ্র চিত্র ফেডারেল রিজার্ভেরর সুদের হার নীতিতেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আগামী বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নতুনভাবে মূল্যায়ন হতে পারে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *