যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দলের মধ্যে বৈঠক

ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সদস্যরা গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা দেশটিতে গণতান্ত্রিক রূপান্তর বিষয়ে সংলাপের একটি রূপরেখা নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেছেন, ভেনেজুয়েলার জাতীয় সংসদের প্রধান হোর্হে রদ্রিগেজ এবং সাবেক বিরোধীদলীয় আইনপ্রণেতা দিনোরা ফিগুয়েরার মধ্যে কারাকাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফিগুয়েরো আট বছর নির্বাসন শেষে বৃহস্পতিবার কারাকাসে ফিরেছেন।  

টমি পিগট বলেন, এই বৈঠক একটি অবাধ ও উন্মুক্ত ভেনেজুয়েলীয় সমাজ প্রতিষ্ঠার জন্য সংলাপের একটি ‘রোডম্যাপ’ বা সুচিন্তিত প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। উভয় পক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ ও গণতান্ত্রিক উত্তরণের নানা উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছে।

টমি পিগট আরও জানান, এটি এমন একটি প্রক্রিয়া যা গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, জাতীয় নির্বাচন পরিষদকে শক্তিশালী করা এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দিকে এগোবে।

পেশায় চিকিৎসক দিনোরা ফিগুয়েরা ২০১৫ সালে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হন। ৬৫ বছর বয়সী এই রাজনীতিক ২০১৮ সালে নির্বাসনে যান। কারণ তিনি ‘হুমকি ও হয়রানির’ মুখে পড়েন।

দিনোরা ফিগুয়েরা তার রাজনৈতিক দল জাস্টিস ফার্স্টের সহকর্মী ফার্নান্দো আলবানের পক্ষে মুখপাত্র হিসেবে কাজ করছিলেন, যিনি ওই বছরের অক্টোবর মাসে কারাগারে মারা যান।

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয় এবং তাকে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর থেকে দেশটির অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন তার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ভেনেজুয়েলায় ফিরে ফিগুয়েরা বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন, যিনি সম্প্রতি ভেনেজুয়েলার গণতান্ত্রিক রূপান্তরের জন্য আলোচনার উদ্দেশ্যে নিজস্ব একটি উদ্যোগ শুরু করেছেন।

ফিগুয়েরা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে এই সব চ্যালেঞ্জ গ্রহণ করতে এসেছি… বিশেষ করে একটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন পরিষদ গঠনের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে।’

পরে জাতীয় পরিষদ নিশ্চিত করে যে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ভাই হোর্হে রদ্রিগেজের সাথে বিরোধী নেত্রী দিনোরাহ ফিগুয়েরার মধ্যে বৈঠক হয়েছে। ২০১৫-২০২০ মেয়াদের বিরোধীদলীয় আইনপ্রণেতাদের প্রতিনিধি হিসেবে তিনি এই বৈঠকে অংশ নেন। যা দেশটিতে একটি স্থিতিশীল ও সুশৃঙ্খল গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়।

কারাকাসে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দিনোরা ফিগুয়েরো এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে তারা ভেনেজুয়েলায় ‘একটি স্থিতিশীল, সুশৃঙ্খল এবং সুসংহত গণতান্ত্রিক রূপান্তরের পথ’ নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্বাচনের জন্য ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট- সেখানে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং শেষ পর্যন্ত দেশটিতে অবাধ ও সুষ্ঠু বহুদলীয় নির্বাচন নিশ্চিত করতে হবে।

মার্কো রুবিও আরও বলেন, ‘ভেনেজুয়েলার একটি নতুন নির্বাচন কমিশন দরকার এবং শেষ পর্যন্ত দেশটির ভবিষ্যৎ হবে মুক্ত ও সুষ্ঠু বহুদলীয় নির্বাচন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *