যাত্রী ছাউনিতে সন্তান জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারী যাত্রী ছাউনিতে একটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নবজাতকের পিতৃপরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।

আজ শুক্রবার (১৯ জুন)  বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে ওই মানসিক প্রতিবন্ধী নারী একটি সুস্থ-সবল পুত্রসন্তান প্রসব করেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করে। পরে সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা তাদের যাত্রী ছাউনি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

স্থানীরা জানায়, দু-তিন বছর ধরে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ছমিরহাট এলাকার ওই মানসিক প্রতিবন্ধী নারী (৩০) সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বর থানা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। আজ বিকেলে ওই নারী চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। কিছুক্ষণ পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা তাদের যাত্রী ছাউনি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

জানা গেছে, প্রসূতি ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন। মানসিক প্রতিবন্ধী ওই নারী নিজের ঠিকানা বা পরিচয় বলতে পারছেন না। জন্মের পর স্থানীয় এক নারী নবজাতককে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। এলাকাবাসী শিশুটির পিতৃপরিচয় শনাক্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বিকেলে যাত্রী ছাউনিতে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরে স্থানীয় তথ্যের ভিত্তিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *