যমুনা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর এলাকায় যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো, একই গ্রামের শামীম হোসেনের ছেলে উসমান গনি (৮) ও ফিরোজ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৭)।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে উসমান ও ইসমাইল। পরে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার চেষ্টা চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৮টার দিকে যমুনা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলওয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। আমাদের ডুবুরি দল প্রায় সাত ঘণ্টা যমুনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, দুই শিশু যমুনা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *