ম্যাচ শেষে হাতাহাতিতে জড়ালেন আর্জেন্টিনার দুই কোচ

ম্যাচ চলাকালীন মাঠেই দেখা গেল উত্তেজনা। ম্যাচ শেষে সেটি রূপ নিল হাতাহাতিতে। আর্জেন্টাইন লিগে ভেলেজ সার্সফিল্ড ও ডিফেন্সা ই জুস্তিসিয়ার মধ্যকার ম্যাচের পর দুই দলের কোচ গুইলারমো বারোস শেলোত্তো ও হুলিও ভাক্কারির মধ্যে হাতাহাতির এই ঘটনা ঘটেছে। লকার রুমের দিকে যাওয়ার পথে টানেলে একে অপরের ওপর চড়াও হন এই দুই কোচ।

আর্জেন্টাইন গণমাধ্যম দৈনিক ওলের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গুইলারমো নিজেই এগিয়ে গিয়ে হুলিও ভাক্কারির মুখোমুখি হন এবং তার ঘাড় চেপে ধরেন। এরপরই দুজনে ঘুষি চালাচালি শুরু করেন এবং একপর্যায়ে ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান। পরিস্থিতি বেগতিক দেখে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা দ্রুত টানেলে ছুটে এসে তাদের কোনোমতে আলাদা করেন।

মূলত ম্যাচের দ্বিতীয়ার্ধেই এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল। খেলা চলাকালীন সরাসরি সম্প্রচারে দেখা যায়, ডিফেন্সার কোচ ভাক্কারি ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলছেন, ‘লোকটা বড্ড বেয়াদব, আমাকে চুপ করতে বলেছে। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আমার সঙ্গে বেয়াদবি কোরো না।’

তবে ম্যাচ শেষে উত্তেজনাকর পরিস্থিতি কিছুটা ঠান্ডা হওয়ার পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে দুই কোচই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ডিফেন্সা কোচ হুলিও ভাক্কারি বলেন, ‘কী হয়েছে আমি জানি না, আমি কিচ্ছু শুনিনি। তেমন গুরুত্বপূর্ণ কিছু ঘটেনি, জানানোর মতোও কিছু নেই। এটা নেহাতই সাধারণ আর দশটা ম্যাচের মতো।’

একই সুরে সুর মিলিয়েছেন শেলোত্তোও। পুরো ব্যাপারটিকে খাটো করে দেখেন তিনি। শেলোত্তো বলেন, ‘বড় ধরনের তেমন কিছু ঘটেনি, উত্তপ্ত এক ম্যাচের পর যেমনটা হয়ে থাকে আর কী—সাধারণ একটা তর্কাতর্কি, এর বেশি কিছু নয়। এমন ঘটনা না ঘটাটাই ভালো, তবে গুরুতরও কিছু নয়।’

মাঠে চরম উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। বর্তমান পয়েন্ট টেবিলে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ভেলেজ সার্সফিল্ড। অন্যদিকে, সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ডিফেন্সা ই জুস্তিসিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *