ম্যাচের আগে জার্সি বদলাতে হচ্ছে হাইতিকে

ফুটবল বিশ্বকাপে নিজেদের অফিসিয়াল জার্সি বা কিট পরিবর্তন করতে বাধ্য হয়েছে হাইতি জাতীয় ফুটবল দল। জার্সিতে ব্যবহৃত একটি ঐতিহাসিক ছবিকে ‘অতিরিক্ত রাজনৈতিক’ এবং ‘ভুল ব্যাখ্যার অবকাশ রয়েছে’ বলে ফিফা আপত্তি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাইতির জার্সি ডিজাইন ও প্রস্তুতকারী কলম্বিয়ান স্পোর্টস ব্র্যান্ড ‘সায়েতা’ এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার পর্যালোচনার পর তারা জার্সিতে এনেছে। সায়েতা আরও জানায়, জার্সি তৈরির পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপেই তারা ফিফাকে নকশা জমা দিয়েছিল। তবে পরবর্তী সময়ে ফিফা জানায়, জার্সির কিছু ভিজ্যুয়াল বা দৃশ্যমান উপাদান ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে।

হাইতি ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’কে জানিয়েছেন, ফিফা মূলত জার্সিতে থাকা একটি ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। ছবিটিতে ১৮০৩ সালের হাইতিয়ান বিপ্লবের চূড়ান্ত পর্যায়- ‘ভার্টিয়ার্সের যুদ্ধ’র একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল, যেখানে স্বাধীনতা সংগ্রামী বীরদের হাইতির জাতীয় পতাকা ওড়াতে দেখা যায়।

মূল নকশায় হাইতির নীল রঙের হোম কিট, সাদা রঙের অ্যাওয়ে কিট এবং লাল কিটের নিচের ডানপাশে এই ঐতিহাসিক ছবিটি স্থান পেয়েছিল। সায়েতা জানিয়েছে, হাইতিয়ান জনগণের আত্মত্যাগ, গৌরব ও লড়াকু মনোভাবকে সম্মান জানাতেই এই নকশা করা হয়েছিল, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়।

চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার আপত্তির মুখে হাইতিকে তাদের পোশাক থেকে স্বাধীনতার স্মারক বাদ দিতে হলো। এর আগে গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) হাইতিকে তাদের উদ্বোধনী অনুষ্ঠানের পোশাক থেকে বিপ্লবের অন্যতম মহানায়ক টুসেইন্ট লুভারচারের ছবি সরিয়ে ফেলতে বাধ্য করেছিল।

এদিকে জার্সি পরিবর্তনের এই খবরটি প্রকাশ হতেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ‘সায়েতা’র ওয়েবসাইটে মূল ডিজাইনের প্রায় সব জার্সি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ব্র্যান্ডটি আপাতত পরিবর্তিত বা নতুন সংস্করণের জার্সিগুলো সাধারণ ক্রেতাদের জন্য বিক্রয় শুরু করেনি।

মাঠের লড়াইয়ে নামার ঠিক আগমুহূর্তে কিট পরিবর্তন করতে হলেও হাইতি দল মানসিকভাবে প্রস্তুতি বজায় রাখছে। বাংলাদেশ সময় আগামীকাল (১৪ জুন) রোববার সকালে বোস্টনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে গ্রুপ পর্বের অভিযান শুরু করতে যাচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *