ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে মেজর জেনারেল মোহসেন রেজাইকে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন।
রবিবার (৯ আগস্ট) জারি করা এক ডিক্রিতে সাবেক ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার রেজাইকে পরিষদে নিজের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন নেতা।
ডিক্রিতে আয়াতুল্লাহ খামেনি বলেন, রেজাইয়ের মূল্যবান অভিজ্ঞতা এবং পবিত্র প্রতিরক্ষার আট বছরের যুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিবেচনা করে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নতুন দায়িত্ব পালনে রেজাইয়ের সাফল্য কামনা করেন।
একই সঙ্গে রেজাইয়ের আগে এই দায়িত্বে থাকা মোহাম্মদ বাঘের জোলকদরকে তার নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান আয়াতুল্লাহ খামেনি।
পরে একই দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রেজাইকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে নিয়োগ দেন।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই এ নিয়োগের বিষয়টি জানান। তিনি বলেন, জোলকদর নতুন একটি দায়িত্ব গ্রহণের জন্য সচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
জোলকদর ২০২৬ সালের মার্চ থেকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এসএন/পিডিকে