কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬৪ বিজিবির অধীনস্থ উখিয়া সীমান্তের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাটাপাহাড় পোস্ট সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা যুবক সালমান গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
আহত সালমান উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা। তিনি মো. নিজামত আলীর ছেলে। তিনি কী করণে মিয়ানমারের অভ্যন্তরে গিয়েছিলেন তা জানা যায়নি।
এর আগে গত রোববার (২৪ মে) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও প্রাণঘাতী স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিন দুপুরে ঘুমধুম সীমান্তের শূন্যরেখা এলাকায় মাইন বিস্ফোরণে তিন পাহাড়ি বাংলাদেশি নাগরিক নিহত হন।
বিজিবি জানায়, কাঠ সংগ্রহের জন্য সীমান্ত অতিক্রম করার সময় তারা স্থল মাইনের কবলে পড়েন। নিহতরা হলেন- নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের লেঠাইয়া চাকমা (৪১), অংক্যামং চাকমা (৫০) ও চিংক্যা অং চাকমা (৪০)।
সীমান্তের সূত্র ও বিজিবির তথ্যমতে, গত দেড় বছরে নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষে পা হারিয়েছেন ও গুরুত্বর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে। এছাড়া প্রাণ গেছে অন্তত চারজনের।