মাঠে কবে ফিরবেন লিটন?

চোট থামিয়ে দিয়েছে লিটন দাসের ছন্দ! অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট-সবই দেখতে হয়েছে মাঠের বাইরে বসে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মাঠে নামতে পারেননি তিনি। তবে ওয়ানডে সিরিজের আগেই তাকে ঘিরে ইতিবাচক বার্তা দিয়েছে বাংলাদেশ দলের মেডিকেল বিভাগ। জাতীয় দলের ফিজিও জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সিরিজের দ্বিতীয় কিংবা তৃতীয় ম্যাচে দেখা যেতে পারে এই তারকা ক্রিকেটারকে।

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস এখনও মাঠের বাইরে। পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি তিনি। তবে জাতীয় দলের মেডিকেল বিভাগ আশাবাদী, খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন এই ডানহাতি ব্যাটার।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে না থাকলেও ওয়ানডে সিরিজের জন্য লিটনকে দলে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সিরিজের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, ‘প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তার সম্ভাবনা রয়েছে। যদি সে তার সব ফিটনেস টেস্ট এবং অন্যান্য ক্ষেত্রে পাস করতে পারে, তাহলে ইনশা আল্লাহ সে খেলবে।’

লিটনের চোটের বর্তমান অবস্থাও তুলে ধরেছেন জাতীয় দলের ফিজিও। তিনি বলেন, ‘লিটন দাস বাঁ পায়ের মাংসপেশির চোটে ভুগছে। সেটা এখনো গ্রেড ওয়ান পর্যায়ে আছে। সাধারণত প্রায় দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সেরে ওঠার কথা। তার এর মধ্যে দুই সপ্তাহ হয়ে গেছে। আশা করি সে তিন সপ্তাহের মধ্যে সেরে উঠবে।’

গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের মাংসপেশিতে চোট পান লিটন। সেদিন ৫৮ রানের অপরাজিত ইনিংস খেললেও পরে আর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি। তার পরিবর্তে গ্লাভস হাতে নেন নুরুল হাসান সোহান।

সেই চোটের কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে পারেননি লিটন। তার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন তাওহীদ হৃদয়। এরপর জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট থেকেও ছিটকে যান তিনি।

বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন লিটন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এবং প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় কিংবা তৃতীয় ম্যাচে বাংলাদেশের জার্সিতে আবারও দেখা যেতে পারে এই উইকেটকিপার-ব্যাটারকে!

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *