ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগান সামনে রেখে ময়মনসিংহে জমকালো আয়োজনে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহ স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি বলেন, ‘তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।’

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবল আমাদের দেশের জনপ্রিয় খেলা। তৃণমূল পর্যায়ে এ ধরনের আয়োজন যত বেশি হবে, তত বেশি প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। ময়মনসিংহের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জেলা প্রশাসনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির বলেন, ‘খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে এবং তরুণদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে মাঠমুখী করার এ উদ্যোগ অব্যাহত রাখতে হবে। জেলা প্রশাসক গোল্ডকাপের মাধ্যমে ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভা উঠে আসবে, এটাই আমাদের প্রত্যাশা।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মুহা. কামরুল হাসান মিলন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে জেলার মোট ১৪টি দল অংশ নিচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর একই স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকাসহ আকর্ষণীয় ট্রফি দেওয়া হবে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ময়মনসিংহ সদর উপজেলা ও গৌরীপুর উপজেলা দল। খেলা উপভোগ করতে বিকেল থেকেই স্থানীয় ফুটবলপ্রেমী ও দর্শকরা জেলা স্টেডিয়ামে ভিড় জমান।

এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান , বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক হারুন অর রশীদ, শহীদুল আমিন খসরু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহাবুবুল আলম, সদস্য এনামুল হক আকন্দ লিটন, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রতন আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *