পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০০ টি আসনে এগিয়ে তারা। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে ৮৭ আসনে। জয়ের আভাস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন বিজেপি সমর্থকেরা। এমনকি কয়েকজন কর্মী-সমর্থক মোটর সাইকেলে চড়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়ির সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন।
আজ সোমবার (৪ মে) ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফলের গণনার মধ্যেই কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে আজ বিজেপির কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন।
আজ সকাল সাড়ে ৮টায় ভোট গণনা শুরু হয়। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। গত নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানে কলকাতা মহানগরীর ১১টি আসনের মধ্যে সাতটি আসনের ভোট গণনা হচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে মোট ২৯৪টি আসনে। এরমধ্যে ভোট গণনা করা হবে ২৯৩টি আসনের। একটি আসনে (ফলতা) পুনরায় ভোটগ্রহণ করা হবে এ মাসেই।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোট হয়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট নেওয়া হয় ১৬ জেলার ১৫২ আসনে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট নেওয়া হয় কলকাতাসহ ৭টি জেলার ১৪২টি আসনে।
ফলাফল ঘোষণার আগে রাজ্যটির সব রাজনৈতিক দল নজর রাখছে ভোট গণনার দিকে। সব দলই নিশ্চিত করতে চাইছে যেন গাফিলতি না হয় গণনার সময় বা কোনো প্রক্রিয়ায় যেন বিঘ্ন না ঘটে।
এসএন/পিডিকে