মিরপুরে বিসিবি কার্যালয়ে চলছে নির্বাচন। আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ রোববার (৭ জুন) সকাল ১০টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। বেলা সাড়ে ১১টার দিকে ভোট দিয়েছেন তামিম ইকবাল।
সকাল ১০টায় শুরু হলেও প্রথম ভোট পড়েছে প্রায় ৪৫ মিনিট পর। ক্লাব ক্যাটাগরি থেকে ভোট দিয়েছেন তামিম। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আলোচনায় আছেন তিনি। বিসিবির সর্বশেষ অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন তামিম।
১৯২ জন ভোটারের মধ্যে ভোটদানের আগ্রহ প্রকাশ করেন ১৮৪ জন। যেখানে জেলা-বিভাগ ক্যাটাগরির ৭১ জন ভোটারের মধ্যে মাত্র ১৮ জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁদের ভোটেই খুলনা (দুজন) ও বরিশাল (একজন) থেকে নির্বাচিত হবেন তিনজন। ঢাকাসহ অন্য পাঁচ বিভাগ থেকে এরই মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে ৪১ জন ভোটার অনলাইনে, অর্থাৎ ই-ভোট দেবেন বলে ব্যালটপত্র নিয়েছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির আছেন তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন। ইতোমধ্যে ৩৯ জন ভোট দিয়েছেন।
নির্বাচনের মূল আকর্ষণ ঢাকার ক্লাব ক্যাটাগরি। এখানে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী লড়াইয়ে নেমেছেন। তামিম, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাসসহ আলোচিত প্রার্থীরা এই ক্যাটাগরিতেই ভোটের লড়াইয়ে নেমেছেন।