শক্তি-সামর্থে হাইতির চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। অতীত পরিসংখ্যানও কথা বলছে সেলেসাওদের পক্ষেই। তবে ফুটবল বিশ্বকাপে অঘটন আর চমক লেগেই থাকে। এবারের বিশ্বকাপেও ইতোমধ্যেই দেখা গেছে সেই চমক। দুর্বল কেপ ভার্দে রুখে দিয়েছে শক্তিশালী স্পেনকে। তাই নিশ্চিতভাবেই কাউকে এগিয়ে রাখার সুযোগ নাই।
শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
মাঠের লড়াইয়ের আগে এবার ম্যাচের ফলাফল নিয়ে ভবিষদ্বাণী করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ‘রিতিনিয়া’ নামের এক হাঙর। রিও ডি জেনেইরোর অ্যাকুয়ারিয়ামে থাকা এই লিওপার্ড প্রজাতির হাঙরটি এবার ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচের ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) অ্যাকুয়ারিয়ামে এক বিশেষ আয়োজনে রিতিনিয়ার সামনে ব্রাজিল ও হাইতির পতাকা সংবলিত দুটি খাবারের পাত্র রাখা হয়। এর মধ্যে ব্রাজিল দলের প্রতীকের দিকেই এগিয়ে যায় হাঙরটি। অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষের দাবি, রিতিনিয়ার এই পছন্দের অর্থ হলো হাইতির বিপক্ষে ম্যাচে জয়ী হবে সেলেসাওরাই।
বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রথম ম্যাচের জয় নিয়েও একইরকম ভবিষদ্বাণী করেছিল রিতিনিয়া, যা পরবর্তীতে সঠিক প্রমাণিত হয়। রিতিনিয়ার এমন কাণ্ড দেখে ফুটবল প্রেমীদের মনে ২০১০ সালের সেই বিখ্যাত অক্টোপাস ‘পল’-এর স্মৃতি আবারও জেগে উঠেছে।
ফুটবল বিশ্বে প্রাণীদের দিয়ে ম্যাচের ফলাফল অনুমানের ঘটনা নতুন কিছু নয়। এর আগে অক্টোপাস পল যেভাবে একের পর এক ম্যাচের সঠিক ফল বলে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল, রিও অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ অনেকটা সেই আদলেই রিতিনিয়াকে দিয়ে এই আয়োজন করেছে।
এখন দেখার বিষয়, অক্টোপাস পলের মতো হাঙর রিতিনিয়ার ভবিষদ্বাণীও শেষ পর্যন্ত সত্যি হয় কি না। হাইতির বিপক্ষে ব্রাজিলের জয় নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ে রিতিনিয়ার পূর্বাভাস কতটা প্রভাব ফেলে, তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরু হওয়া পর্যন্ত।