অভিনয়ের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি।
ব্যাংকের চাকরির পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তমা। তার কাছে অভিনয়ই প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তাই নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার।
তমা মির্জা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। এখানে সবসময় কাজ করে যাব। ব্যাংক কর্তৃপক্ষ আমার অভিনয়ের ব্যাপারে আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।’
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তমা। তবে সিনেমায় নিয়মিত ব্যস্ত নন তিনি। বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।
নতুন পেশায় যুক্ত হওয়ার বিষয়টিকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তমা। তিনি বলেন, ‘আমি খুব বেছে বেছে বছরে দুই-একটি সিনেমা করি। জীবনের বাকিটা অন্য কিছুতে এক্সপ্লোর করতে পারার এই সুযোগটা দারুণ। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’