কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে মো. আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. আজাদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা। ২০২৩ সালের ২৭ জুলাই দিনগত রাতে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী ও তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাত-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনার পর নিহতের মা মায়া বেগম বাদী হয়ে জামাতা আজাদকে একমাত্র আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন।
পরবর্তীতে তদন্ত কর্মকর্তা আজাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারিক কার্যক্রমে দীর্ঘ শুনানিতে সাক্ষ্যগ্রহণ, জেরা ও বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত আসামি আজাদকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।