বৃষ্টির দিনে গরম গরম মচমচে কিছু খেতে মন চায় সবারই। এক কাপ চা আর মুখরোচক নাশতা কিংবা ভাতের সাথে ক্রিসপি কোন আইটেম হলে বৃষ্টির মুহূর্তগুলো হয়ে ওঠে আরও উপভোগ্য। তাই এই বর্ষায় ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু ও সহজ একটি পদ—ক্রিসপি ফিশ স্ট্রিপস। মাছের পুষ্টি ও মচমচে স্বাদের এই খাবার পরিবারের সবারই পছন্দ হতে পারে।
সুস্বাদু এই পদ খেতে আপনাকে রেস্টুরেন্টে ছুটে যেতে হবে না। বরং বাড়িতেই তৈরি করে খেতে পারবেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক ক্রিসপি ফিশ স্ট্রিপস তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
যেকোনো বড় মাছের টুকরা- ৮-১০টি
কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
হলুদের গুঁড়া- আধা চা চামচ
মরিচের গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদমতো
চিলি ফ্লেক্স- আধা চা চামচ
আদা বাটা- আধা চা চামচ
রসুনবাটা- আধা চা চামচ
ভাজা ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ
লেবুর রস- ২ চা চামচ
তেল- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
মাছ ধুয়ে কাটা ছাড়িয়ে স্ট্রিপসের মতো করে টুকরা করে নিন। এবার তার সঙ্গে সব মসলা দিয়ে ভালো করে মেখে নিন। শেষে কর্নফ্লাওয়ার মেশাবেন। ফ্রাইপেনে তেল গরম করে তাতে মাছের টুকরাগুলো দিয়ে সোনালি করে ভেজে তুলুন। চুলার আঁচ বেশি বাড়িয়ে দেবেন না, তাতে বাইরে থেকে পুড়ে গেলেও ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয় না। হয়ে গেলে ফিশ স্ট্রিপসগুলো তুলে কিচেন টিস্যুর উপর ছড়িয়ে দিন। এতে বাড়তি তেল ঝরে যাবে। এবার পছন্দ অনুযায়ী সসের সঙ্গে পরিবেশন করুন।
এসএন/পিডিকে