‘বিশ্বরঙ বৈশাখী মুখ ২০২৬’ ফটো কনটেস্টের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ ফটোশুট, সার্টিফিকেট প্রদান ও গিফট হ্যাম্পার বিতরণ অনুষ্ঠান। প্রাণবন্ত এই আয়োজনে অংশ নেন বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আবহ, অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস এবং প্রফেশনাল ফটোশুটের ব্যস্ততা।
অনুষ্ঠানে ফাইনালিস্টদের জন্য বিশেষ গিফট হ্যাম্পার প্রদান করে বুট ক্যাম্প। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ফাউন্ডার মেম্বার মোহাম্মদ মুসলেম মিয়া ও অন্যান্য প্রতিনিধিরা। তারা তরুণদের সৃজনশীলতা ও আত্মপ্রকাশের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্বরঙের ফাউন্ডার ও কর্ণধার বিপ্লব সাহা বলেন, নতুন প্রজন্মের প্রতিভাবান মুখগুলোকে সামনে আনা এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তোলাই ‘বিশ্বরঙ বৈশাখী মুখ’ আয়োজনের মূল লক্ষ্য। তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে বিশ্বরঙ।
প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরুষ ক্যাটাগরিতে ‘বৈশাখী মুখ ২০২৬’ নির্বাচিত হয়েছেন মাসুদ রানা এবং নারী ক্যাটাগরিতে শারমিন ইতি।
‘বেস্ট হেয়ার’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন স্বপ্নিল বণিক। ‘বেস্ট স্মাইল’ পুরুষ ক্যাটাগরিতে রিয়ান চৌধুরী, নারী ক্যাটাগরিতে আফসারাহ ইশরাত এবং কিডস ক্যাটাগরিতে নুসাইব কবির বিজয়ী হন।
এছাড়াও নারী ক্যাটাগরিতে সেরা দশ, পুরুষ ক্যাটাগরিতে সেরা ছয় এবং কিডস ক্যাটাগরিতে সেরা পাঁচ জন ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হন।
আয়োজকরা জানান, নতুন মুখ ও প্রতিভাবানদের জন্য ভবিষ্যতেও বিশ্বরঙ আরও বড় পরিসরে সৃজনশীল আয়োজন চালিয়ে যাবে।