পেশাদার ফুটবলারদের অবসরের পর সাধারণত কোচিং, ধারাভাষ্য কিংবা ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার গল্পই শোনা যায়। কিন্তু এই স্রোতের বিপরীতে হেঁটে এক ভিন্নধর্মী ইচ্ছার কথা জানালেন মরক্কোর তারকা ডিফেন্ডার নুসাইর মাজরাউই।
ফুটবল মাঠের চাকচিক্য ছেড়ে ভবিষ্যতে নিজেকে ধর্মীয় শিক্ষার জগতে নিয়োজিত করার পরিকল্পনা করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।
বর্তমানে ২৮ বছর বয়সী মাজরাউই একজন ডিফেন্ডার হিসেবে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের পর ফুটবল থেকে পুরোপুরি অবসর নেওয়ার কথা ভাবছেন তিনি। খ্যাতি, অর্থ ও সাফল্যের তুঙ্গে থেকেও কেন এই সিদ্ধান্ত— তার কারণ হিসেবে মাজরাউই তুলে ধরেছেন আত্মিক শান্তি ও ধর্মীয় অনুরাগের কথা।
মাজরাউই বলেন, ‘ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। তবে জীবন তো ছোট। ফুটবল থেকে অবসরের পর আমি আমার জীবনের বড় একটা সময় পবিত্র কোরআন মুখস্থ করতে ব্যয় করতে চাই। ভবিষ্যতে একজন ইমাম হিসেবে মসজিদে দায়িত্ব পালন করার স্বপ্নও দেখি।’
২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর ইতিহাস গড়া সেমিফাইনাল যাত্রার অন্যতম প্রধান সদস্য ছিলেন মাজরাউই। ইউরোপের শীর্ষ পর্যায়ে একজন সফল ফুটবলার হিসেবে ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে এমন আধ্যাত্মিক পথের সিদ্ধান্ত নেওয়াটা অনেকের কাছেই অবাক করার মতো।
তবে মাজরাউই মনে করেন, জীবনের আসল উদ্দেশ্য কেবল ট্রফি বা ব্যক্তিগত অর্জন নয়। বরং বিশ্বাস ও জ্ঞানচর্চার মধ্যেই নিহিত রয়েছে প্রকৃত তৃপ্তি।
ফুটবলপ্রেমীদের কাছে মাঠের মাজরাউই হতে পারেন একজন দক্ষ ডিফেন্ডার, কিন্তু তার স্বপ্নের ক্যানভাস এখন বলছে ভিন্ন কথা। বিশ্বকাপের পর যদি সত্যিই তিনি অবসর নেন, তবে ফুটবল বিশ্ব একজন অভিজ্ঞ খেলোয়াড়কে হারাবে ঠিকই, কিন্তু মাঠের সবুজ গালিচা থেকে মিম্বরের পথে শুরু হবে তার জীবনের এক নতুন ও শান্তিময় অধ্যায়।