বিশ্বকাপে সবচেয়ে দামি কোচ ব্রাজিলের আনচেলত্তি, আর্জেন্টিনার স্কালোনি কত নম্বরে?

ফুটবল মাঠে সাফল্যের কোনো সুনির্দিষ্ট মূল্যতালিকা হয় না। দেশের জার্সিতে একটি ট্রফি জয়ের গৌরবও অমূল্য। তবে সেই গৌরব অর্জনের লক্ষ্যে ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ডাগআউটে যে বিপুল অর্থ ঢালছে, তা সত্যিই বিস্ময়কর। সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের ডাগআউটে থাকা বিশ্বের সেরা কোচদের বেতনের তালিকা  প্রকাশ করেছে ‘সিলারি লিকস’।

তালিকা অনুযায়ী, আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে থাকা এই ইতালিয়ান কোচ বছরে প্রায় ৮২ লাখ ৮০ হাজার পাউন্ড বেতন পান। তার ধারে কাছেও নেই আর কোনো কোচ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের টমাস টুখেল। যিনি বছরে ৫০ লাখ ৬০ হাজার পাউন্ড বেতন পান। এরপরই আছেন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো। তার বার্ষিক পারিশ্রমিক ৪৫ লাখ ৩০ হাজার পাউন্ড। চতুর্থ স্থানে থাকা জার্মানির জুলিয়ান নাগেলসম্যান পান ৪২ লাখ পাউন্ড।

তালিকার সবচেয়ে বিস্ময়কর নাম উজবেকিস্তানের কোচ ফ্যাবিও ক্যানাভারো। তিনি ৩৫ লাখ পাউন্ড পারিশ্রমিক নিয়ে পঞ্চম স্থানে আছেন। একই বেতন নিয়ে তার সঙ্গে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।

তালিকায় এরপর আছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ফরাসি এই কোচের বার্ষিক বেতন ৩৩ লাখ ১০ হাজার পাউন্ড। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি আছেন তালিকার অষ্টম স্থানে। তিনি পান ২৮ লাখ পাউন্ড। নবম ও দশম স্থানে থাকা উরুগুয়ের মার্সেলো বিয়েলসা এবং নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান—দুজনই বার্ষিক ২৬ লাখ ১০ হাজার পাউন্ড বেতন পান।

আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পরও স্কালোনি কেন শীর্ষ পাঁচের বাইরে, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আসলে স্কালোনি যখন দায়িত্ব নেন, তখন আর্থিক সংকটে থাকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তুলনামূলক কম বেতনে তাকে নিয়োগ দিয়েছিল। সেই আস্থার প্রতিদান যে তিনি কতটুকু দিয়েছেন, তা আজ সবার জানা।

এই তালিকায় অনেক বড় বড় নামের ভিড়ে জায়গা হয়নি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *