বিশ্বকাপের আগে বড় জয় ব্রাজিলের

গত কয়েক বছরে ধুকতে থাকা ব্রাজিলের বিশ্বকাপের আগে ঘরের মাটিতে নিজেদের জানান দেওয়ার এটাই ছিল শেষ সুযোগ। ম্যাচটিও ছিল আবার বিখ্যাত সেই মারকানা স্টেডিয়ামে। সব আবহ যেন এক হয়ে ধরা দিল সেলেসাওদের কাছে। ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচে পানামাকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়ে দিল ব্রাজিল।

রোববার (৩১ মে) দিনগত রাতে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে ৬-২  গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল।

ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের গোলে লিড নেয় ব্রাজিল। ক্যাসেমিরোর কাছ থেকে বল পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে এক বুলেট গতির শটে জাল কাঁপান এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

তবে ম্যাচের ১৪তম মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় সমতায় ফেরে পানামা। আমির মুরিয়োর ফ্রি-কিক আটকাতে গিয়ে দুর্ভাগ্যবশত নিজেদের জালেই বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনইয়া।

প্রথমার্ধের শেষদিকে অবশ্য আবারো লিড নেয় ব্রাজিল। ম্যাচের ৩৯তম মিনিটে ভিনিসিয়াসের নিখুঁত এক ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। প্রথমার্ধের বাকি সময় ব্রাজিল বেশ কিছু সুযোগ পেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি।

বিরতির পরই দল নিয়ে সাহসী পরীক্ষা-নিরীক্ষা চালান কোচ কার্লো আনচেলত্তি। গোলরক্ষক ছাড়া শুরুর একাদশের প্রায় সবাইকে পরিবর্তন করেন তিনি। মাঠের লড়াইয়ে নতুন খেলোয়াড়রা নামতেই যেন গোলবন্যা শুরু হয়।

ম্যাচের ৫৩তম মিনিটে ব্যবধান ৩-১ করেন বদলি খেলোয়াড় রায়ান। এরপর ৬০তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন অনেক দিন পরে দলে সুযোগ পাওয়া লুকাস পাকুয়েতা। এরপর ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন ইগোর থিয়াগো।

ম্যাচের ৮১তম মিনিটে দলের ছয় নম্বর গোলটি আসে দানিলো সান্তোসের পা থেকে। পানামা ৮৪তম মিনিটে কার্লোস হার্ভের হাত ধরে একটি গোল শোধ দিলেও তা ছিল কেবল ব্যবধান কমানোর লড়াই মাত্র।

এই জয়ের ফলে বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাস যে তুঙ্গে, তা বলাই বাহুল্য। বিশেষ করে তরুণদের ফর্ম কোচ আনচেলত্তিকে বাড়তি স্বস্তি দিচ্ছে। আগামী রোববার প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের মূল বিশ্বকাপ মিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *