বিশ্বকাপের আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় সুখবর

ফুটবল বিশ্বকাপের উত্তাপ এখন তুঙ্গে। আগামী ১১ জুন পর্দা উঠতে যাওয়া এই মহাযজ্ঞে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের মূল মঞ্চে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আলবিসেলেস্তে শিবির থেকে এসেছে দারুণ সব সুখবর।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে নিজেদের বেসক্যাম্পে কঠোর অনুশীলন ও বিশেষ রিকভারি প্রোগ্রামের মধ্য দিয়ে প্রস্তুতি সারছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘দিয়ারিও ওলে’ জানিয়েছে, চোটে থাকা দলের বেশিরভাগ ফুটবলার এখন পুরোপুরি ফিট হওয়ার পথে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রাইট-ব্যাক নাহুয়েল মোলিনা এবং গনসালো মন্টিয়েল চোট কাটিয়ে প্রায় পুরোপুরি ফিট হয়ে গেছেন। সব কিছু ঠিক থাকলে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই এই দুই ডিফেন্ডারকে শুরুর একাদশে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এছাড়া মিডফিল্ডার থিয়াগো আলমাদাও চিকিৎসকদের কাছ থেকে খেলার সবুজ সংকেত পেয়েছেন। পেশিতে অস্বস্তির কারণে বাইরে থাকা আলমাদা শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচেই মাঠে নামতে পারেন।

সবচেয়ে বড় স্বস্তির খবরটি অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে। মেসি বর্তমানে একদম ফিট আছেন। তবে প্রথম ম্যাচের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। দলের ফিজিও ও ফিটনেস কোচদের বিশেষ তত্ত্বাবধানে মেসিকে শতভাগ সতেজ রাখার জন্য বিশেষ রিকভারি প্রোগ্রাম চলছে।

তবে সতর্কতা হিসেবে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে বিশ্রামে রাখা হতে পারে। তবে আইসল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে পরিস্থিতি বিবেচনা করে তাকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আঙুলের চোট নিয়ে সামান্য শঙ্কা থাকলেও দ্রুতই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। টানা ম্যাচ আর দীর্ঘ সফরের ধকল কাটিয়ে মেসিরা এখন নিজেদের সেরা ছন্দে ফেরার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *